সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি সরকারের নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরাসরি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার নিজ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম সংসদের সামনে এই দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’

আক্রমণের লক্ষ্যবস্তু কারা তা অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’

ফ্যাসিস্ট শক্তির বিচার প্রক্রিয়ায় সরকারের বর্তমান অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত বাড়িতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাহিদ ইসলামের অভিযোগ, সেখানে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়। যদিও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন যে, সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। তবে নাহিদ ইসলাম জানান, তিনি এসপির সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম পাঠানো হয়নি। এমতাবস্থায় ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা তা এখন স্পষ্ট। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, গত পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর আক্রমণ চালানো হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া দেশজুড়ে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই তাকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি প্রশ্ন করেন, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?