সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে প্রণীত নতুন খসড়ায় মানহানি, গুজব এবং অপতথ্য প্রচারের শাস্তির মেয়াদ ও জরিমানার পরিমাণ কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কিছু সংজ্ঞার পরিবর্তন আনা হয়েছে। তবে এই অপরাধগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধানটি আগের মতোই বহাল রাখা হয়েছে। ফলে বিশেষজ্ঞদের আশঙ্কা, কেবল শাস্তির মেয়াদ কমালেই মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি এবং আইনের অপব্যবহারের সম্ভাবনা দূর হবে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ গত বুধবার তাদের ওয়েবসাইটে এই খসড়াটি প্রকাশ করেছে। খসড়াটির ওপর আগামী ২৫ নভেম্বরের মধ্যে সাধারণ জনগণের মতামত আহ্বান করা হয়েছে।
নতুন খসড়া অনুযায়ী, গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, মানহানির সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা ২০ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
নিবন্ধিত সংবাদমাধ্যমগুলোর জন্য কিছু বিশেষ সুরক্ষার প্রস্তাবও রাখা হয়েছে এই খসড়ায়। এসব মাধ্যমে প্রকাশিত কোনো সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিনা পরোয়ানায় তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ এবং গ্রেপ্তারের ক্ষমতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যাপক বিরোধিতার মুখে আওয়ামী লীগ সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়, যা ভিন্নমত দমনে ব্যবহৃত হওয়ার অভিযোগ ওঠে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ জারি করে। পরবর্তীতে গত ৩০ এপ্রিল অধ্যাদেশটি রহিত করে সংসদে সাইবার সুরক্ষা বিল-২০২৬ পাস হয়। তবে বিলটি পাসের কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার তা সংশোধনের উদ্যোগ নেয়।
গত জুলাই মাসে আইনটি সংশোধনের জন্য একটি খসড়া তৈরির কমিটি গঠন করা হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ওই কমিটির প্রতিনিধিদল অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি সভা করেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দাবি, ওই সভাগুলোতে প্রাপ্ত মতামতের ভিত্তিতেই নতুন খসড়াটি প্রকাশ করা হয়েছে। তবে অংশীজনদের মতে, খসড়াটি বর্তমান আকারে পাস হলে আইনটি আগের মতোই নিবর্তনমূলক থাকবে।
নতুন খসড়ায় গুজবের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি, প্রকাশ বা প্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক, উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগের খসড়ায় অসমর্থিত তথ্য, সংবাদ বা দাবির কথা উল্লেখ ছিল।
মানহানির সংজ্ঞা নির্ধারণে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারার অনুসরণের প্রস্তাব করা হয়েছে। এতে হেয়প্রতিপন্ন করার সংজ্ঞায় বলা হয়েছে, “গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করে কোনো কথা, আচরণ, প্রকাশনা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা কার্যকলাপের মাধ্যমে কাউকে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস বা অবজ্ঞা করার উদ্দেশ্যে তাঁর ব্যক্তিগত মর্যাদাবোধ ও আত্মসম্মানে আঘাত করলে তা হেয়প্রতিপন্ন করা হিসেবে গণ্য হবে।” এছাড়া কারও শারীরিক গঠন, বর্ণ বা দৈহিক বৈশিষ্ট্য নিয়ে বিদ্রূপ করা এবং ছবি, ভিডিও বা কণ্ঠ বিকৃত করে মিম ও ব্যঙ্গচিত্র তৈরি করে কাউকে উপহাসের পাত্র বানানোর বিষয়টিও এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান টেকগ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ মুক্তকণ্ঠকে বলেন, “মানহানির সংজ্ঞা আগে থেকেই দণ্ডবিধিতে আছে। তাহলে নতুন এই আইনে একই অপরাধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কী?” তিনি আরও বলেন, মানহানি, গুজব ও হেয়প্রতিপন্নের মতো বিষয়গুলো কোনোভাবেই এই আইনের আওতায় আনা উচিত নয়। এছাড়া গঠনমূলক সমালোচনার সীমারেখা কে নির্ধারণ করবে এবং তার মানদণ্ড কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাহলে কি রাজনৈতিক ব্যঙ্গচিত্র–মিম বা সমালোচনামূলক ক্যারিকেচার তৈরি করাও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে?”
নিবন্ধিত সংবাদমাধ্যম ও তাদের পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য খসড়ার ৪৬(ক) ধারায় বলা হয়েছে, প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নিতে হবে। একইভাবে, ২৯ ধারায় কোনো নিবন্ধিত সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বা আইনি প্রক্রিয়া শুরুর আগে অন্তত ১৫ দিনের লিখিত নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।
সাংবাদিক ও সংবাদমাধ্যমের জন্য এই বিধানগুলো গুরুত্বপূর্ণ সুরক্ষা হতে পারে বলে মনে করা হলেও এর আওতা নিয়ে সংশয় রয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিকেরা এই সুবিধা পাবেন কি না, তা খসড়ায় স্পষ্ট নয়। এছাড়া সংবাদমাধ্যমের কার্যালয়ে তল্লাশি বা ডিজিটাল যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রে আদালতের পূর্বানুমতির বাধ্যবাধকতা রাখা হয়নি।
দ্য ডেইলি স্টার-এর কনসাল্টিং এডিটর ও সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অংশীজনদের মতামত গ্রহণ এবং খসড়াটি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তিনি মনে করেন, প্রস্তাবিত সংশোধনীগুলো বিদ্যমান উদ্বেগ নিরসনে যথেষ্ট নয়। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের যতটুকু সুরক্ষার কথা বলা হচ্ছে, সাধারণ নাগরিকদেরও তা থাকা উচিত। তা না হলে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে। খসড়াটি রাজনৈতিক বিরোধী পক্ষ কিংবা সমালোচকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।”
খসড়ার ৮ ধারায় দেশের অখণ্ডতা, মর্যাদা, নিরাপত্তা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি, মানহানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্নো, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন-সংক্রান্ত উপাদান এবং যৌন হয়রানিসহ বিভিন্ন কারণে কনটেন্ট ব্লকের সুযোগ রাখা হয়েছে। ২ উপধারায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অথবা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশ্বাস করার কারণ থাকলে কনটেন্ট অপসারণ বা ব্লক করতে পারবে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনে বিটিআরসিকে অনুরোধ করা হবে। তবে ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’র মতো শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় এর অপব্যবহারের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
খসড়ায় বলা হয়েছে, কোনো কনটেন্ট ব্লক করা হলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে কারণ জানাতে হবে এবং সংক্ষুব্ধ ব্যক্তি এনসিএসএ-র কাছে পুনর্বহালের আবেদন করতে পারবেন। ১৫ দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে হবে। তবে অধিকারকর্মীদের দাবি, কনটেন্ট ব্লকের কারণ তিন দিন পর নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার সময়ই জানানো উচিত।
এছাড়া খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল রাখার প্রস্তাব রয়েছে। ৩৫ ধারায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলা বা বেআইনি প্রবেশের কারণে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে পরোয়ানা ছাড়াই তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান খসড়াটি সম্পর্কে মুক্তকণ্ঠকে বলেন, “শুধু শাস্তির মাত্রা কমিয়ে দিলেই একটি আইনের নিবর্তনমূলক চরিত্র পরিবর্তিত হয়ে যায় না। খসড়ায় মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার যে নিবর্তনমূলক উপাদানগুলো ছিল, সেগুলো অব্যাহত আছে।” তিনি আরও মনে করেন, কোনো আইনের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়া বৈষম্যমূলক এবং বিভাজনমূলক ব্যবস্থার প্রতিফলন। তিনি বলেন, “এই বৈষম্যমূলক আইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”