সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের প্রস্তাবিত খসড়ায় মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির দাবি, খসড়া আইনের ৮-এর (২), ২৫-এর ক ও খ, ২৬-এর ক, ২৯, ৪৬ এবং ৪৬-এর ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার সংক্রান্ত বিধিমালাগুলো যথাযথভাবে পর্যালোচনা করে সংশোধন করা অত্যন্ত জরুরি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইচআরএসএস তাদের এই উদ্বেগের কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া যেন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত না করে, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। প্রস্তাবিত সংশোধনীগুলো পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাগরিকবান্ধব, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি সাইবার সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এইচআরএসএস-এর মতে, একটি গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ। তারা জোর দিয়ে বলেছে যে, সাইবার অপরাধ প্রতিরোধের অজুহাতে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতার ওপর নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।
সরকারের প্রতি ১১টি সুপারিশ
সংগঠনটি সরকারের প্রতি ১১টি বিশেষ সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত খসড়ায় থাকা সব বিতর্কিত ধারাকে সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করা। এছাড়া সাইবার স্পেসে মানহানির ক্ষেত্রে ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সুপারিশগুলোতে আরও বলা হয়েছে, গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করতে হবে, যাতে কেবল ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ না থাকে। রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে।
অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করা এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সবশেষে, তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে এইচআরএসএস।