অনুমতি ছাড়াই ফেসবুকে বাদীর ছবি প্রকাশ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এই নোটিশটি প্রেরণ করেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় মুক্তকণ্ঠর সাথে আলাপকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আইনজীবীর দেওয়া তথ্যানুযায়ী, নোটিশের মাধ্যমে নির্দিষ্ট শর্তারোপ করা হয়েছে। শুভ্র সিনহা রায় বলেন, ‘নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তিশার বিরুদ্ধে মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হব।’

প্রাসঙ্গিক আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, শাড়িকাণ্ড কেন্দ্রিক বিরোধের জেরে অভিনয়শিল্পী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলা দুটি বিচারাধীন। এই পরিস্থিতির মধ্যেই গত ২৭ অক্টোবর অভিনেত্রী তানজিন নাহার তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Tanjin Tisha' থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিবাদী তানজিন তিশা দেশের গণমাধ্যমগুলোতেও বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে চলেছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশের আরও একটি অংশে বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন তিশা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাদীকে ভাইরালের হুমকি প্রদান করেন। সেখানে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’ বাদীর দাবি, সেই হুমকির ধারাবাহিকতায় তিশা তাঁর ছবি ফেসবুকে আপলোড করে সম্মানহানির ঘটনায় লিপ্ত হয়েছেন।

নোটিশে আরও বিস্তারিত জানানো হয়েছে যে, তিশা ফেসবুকে লিখেছিলেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। তবে বাস্তবে বাদী এবং যার ছবি শেয়ার করা হয়েছে, তাঁদের মধ্যে কোনো ভ্রাতৃসম্পর্ক নেই। তিশা অপর নারীকে বোন হিসেবে পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন একজন নারী উদ্যোক্তা; তাঁদের মধ্যে কেবল পেশাগত পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্কটিকে নেতিবাচকভাবে ব্যবহার করে বাদীর মানহানি করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া নোটিশে অভিযোগ করা হয়েছে যে, তিশা তাঁর ফেসবুক পোস্টে দুজন নাবালকের ছবি প্রকাশ করেছেন। এই ছবিগুলো প্রকাশের ক্ষেত্রে বাদীর কিংবা শিশুদের পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকার শাড়ি সংক্রান্ত একটি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছিলেন সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। উক্ত মামলায় আদালত অভিনেত্রী তানজিন তিশাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।