আগামী শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত দুই শিক্ষাবর্ষে বই সরবরাহে যে বিলম্ব হয়েছিল, এবার সেই পরিস্থিতি কাটিয়ে সময়মতো বই বিতরণের ব্যাপারে আশাবাদী সংস্থাটি।
নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই ছাপার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সর্বশেষ তথ্যানুসারে, প্রাথমিক স্তরের ৯৮ শতাংশের বেশি বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, মাধ্যমিক স্তরেও ৭১ শতাংশের বেশি বই ছাপা হয়ে গেছে।
প্রাথমিক স্তরের বই ছাপার পাশাপাশি সেগুলো সরবরাহের কাজও এখন প্রায় শেষ পর্যায়ে। তবে মাধ্যমিক স্তরের অগ্রগতি তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে। তা সত্ত্বেও এনসিটিবি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করা সম্ভব হবে। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, এবার শিক্ষাবর্ষের শুরুতে পাঠ্যবই সরবরাহে কোনো ধরনের সংকট দেখা দেবে না।
এনসিটিবির পরিকল্পনা অনুযায়ী, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সাথেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হবে। এই লক্ষ্য অর্জনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিকাংশ বই ছাপার কাজ শেষ করে মাঠপর্যায়ে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বইয়ের সংখ্যা ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের বই প্রায় ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার। এই বিশাল পরিমাণ বই ছাপা ও সরবরাহের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা। তবে দুই স্তরের ছাপার অগ্রগতির মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক স্তরের ৯৮ দশমিক ৩০ শতাংশ বই ছাপার কাজ শেষ হয়েছে। এর মধ্যে বাঁধাই, কাটিং ও প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষে ইতোমধ্যে ৯৭ দশমিক ৫৯ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিকের বই ছাপার পাশাপাশি বিতরণের কাজও প্রায় শেষ। উল্লেখ্য, ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চতুর্থ শ্রেণিতে চালু হতে যাওয়া নতুন দুটি বইয়ের ছাপা এখনো শুরু হয়নি।
অন্যদিকে, ৫ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় দরপত্র হওয়া মাধ্যমিক স্তরের ২০ কোটি ৮৪ লাখের বেশি বইয়ের মধ্যে ৭১ শতাংশের বেশি ছাপা হয়েছে। এসব বইয়ের মধ্যে ৬৫ শতাংশের বেশি সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে মাধ্যমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শেষ করতে এখনো বড় একটি অংশ বাকি রয়েছে।
প্রাথমিক স্তরে একটি মুদ্রণকারী প্রতিষ্ঠানের কাজ কিছুটা পিছিয়ে রয়েছে, যাদের কাছে ১৪ লাখের বেশি বইয়ের দায়িত্ব ছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।
এনসিটিবির একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, এবার প্রাথমিক স্তরের বই ছাপার কাজ পাওয়া মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮২ শতাংশই মাধ্যমিক স্তরের বই ছাপার কাজও পেয়েছে। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হওয়ায় এসব প্রতিষ্ঠান এখন মাধ্যমিকের বই ছাপায় বেশি গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া প্রাথমিকের পাঠ্যবই চার রঙে ছাপা হলেও মাধ্যমিকের বই এক রঙে ছাপা হয়। ফলে মাধ্যমিকের বই ছাপার কাজও এখন দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
২০১০ সাল থেকে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পাঠ্যবই প্রদান শুরু করে। তবে কিছু বছর শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে পরপর দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে বই বিতরণ করা যায়নি। চলতি শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিন পর, গত ৭ ফেব্রুয়ারি শতভাগ পাঠ্যবই সরবরাহ করতে পেরেছিল এনসিটিবি। এর আগের বছর সব বই সরবরাহ করতে প্রায় তিন মাস সময় লেগেছিল। সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়েছিল।
এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে বদ্ধপরিকর এনসিটিবি। কর্মকর্তাদের লক্ষ্য, ৩০ নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করে সেগুলো মাঠপর্যায়ে পাঠানো। কিছু মুদ্রণকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে কয়েক দিন পিছিয়ে পড়তে পারে, তবে তাতে সামগ্রিক বই বিতরণে সমস্যা হবে না বলে মনে করেন কর্মকর্তারা।
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হতে যাচ্ছে। চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণির বই দুটি হলো ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এই বইগুলো চূড়ান্ত করেছে। আগামীকাল রোববার এসব বই ছাপার কাজ পাওয়া মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে, যার পরপরই ছাপার কাজ শুরু হবে।
এনসিটিবি কর্মকর্তারা জানান, নতুন এই চারটি বইয়ের মোট সংখ্যা প্রায় দেড় কোটি। এসব বই ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি নতুন বইগুলোও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বাড়তি তৎপরতা নিতে হবে।
বিষয়টি জানতে চাইলে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের মুক্তকণ্ঠকে বলেন, “এবার যথাসময়েই শিক্ষার্থীরা বিনা মূল্যের নতুন বই হাতে পাবে।”