এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটির মোট ৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্যে ৩ হাজার ১৫২ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে কলেজের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৭ শতাংশে।
ফলাফলের বিস্তারিত তথ্যে দেখা যায়, মোট পরীক্ষার্থীর ৪২ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিভাগভেদে বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১ হাজার ৯৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘এবারের পরীক্ষার প্রশ্নের মান, খাতা মূল্যায়ন ইত্যাদি নিয়ে বিভিন্ন খবর শুনে দুশ্চিন্তায় ছিলাম। তাই রেজাল্টের খবর শোনার পর মনে হয়েছে আমার এত রাতজাগা, এত চেষ্টা, সব যেন এক নিমেষে সার্থক হয়েছে আজ। বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা না পেলে এটা সম্ভব হতো না।’
প্রতিষ্ঠানের এই গৌরবময় অর্জন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘মানুষ গড়ার যে স্বপ্ন নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম, আজকের ফল সেই স্বপ্নেরই প্রতিফলন। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টাই এ পথচলার শক্তি। এ সন্তানরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের জন্য সবার কাছে দোয়া চাই, যেন তারা মেধা ও সততায় দেশকে আলোকিত করতে পারে।’
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন এই সাফল্যের পেছনে পরিকল্পিত প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘কলেজের এ সাফল্য কোনো একক প্রচেষ্টা বা এক দিনের অর্জন নয়; বরং শিক্ষাবর্ষের শুরু থেকে প্রতিদিনের অসংখ্য পরিকল্পিত প্রচেষ্টার সমষ্টি এ অর্জন। নিয়মিত ক্লাস, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের একাগ্রতা মিলেই আজকের এ ফল।’
প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, ‘কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা ও কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতার সার্বিক তত্বাবধায়ন করায় অনেক কাজ সহজ হয়েছে আমাদের।’
উল্লেখ্য যে, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।