মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজ শমশেরনগর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরবময় সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ২৩৮ জন শিক্ষার্থীর প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্যের খতিয়ানে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিনটি বিভাগেরই সকল পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন।

বিভাগভিত্তিক ফলাফলের বিস্তারিত তথ্যে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাদের সবাই উত্তীর্ণ হয়েছেন। এই বিভাগের ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ২৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন, যাদের মধ্যে ছয়জন জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন এবং এই বিভাগ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানের এই ধারাবাহিক শতভাগ পাসের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন মুক্তকণ্ঠকে বলেন, “এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরই শতভাগ পাসের সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শতভাগ পাসের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”