চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সামগ্রিকভাবে কলেজের গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৩ শতাংশে। উল্লেখ্য যে, ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পাসের হার ছিল শতভাগ। এছাড়া পাস করা শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২ জন জিপিএ-৫ অর্জন করেছেন, যার মধ্যে ইংরেজি ভার্সন থেকে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী।
বিভাগীয় ফলাফলের দিকে তাকালে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং তাদের পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এই বিভাগ থেকেই সর্বোচ্চ ২৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের পাসের হার ছিল ৯৯ দশমিক ৬২ শতাংশ এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং এই বিভাগের পাসের হার ছিল শতভাগ। মানবিক বিভাগ থেকে মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা একত্রিত হয়ে এই আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন সবাই।
এইচএসসি পরীক্ষার এই গৌরবময় ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।