রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৩ শতাংশে। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। উল্লেখ্য, ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পাসের হার শতভাগ।

কলেজ কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এই বিভাগ থেকেই সর্বোচ্চ ২৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ছিল ৯৯ দশমিক ৬২ শতাংশ এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যদিকে, মানবিক বিভাগের ৩১৯ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা চরম আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই সাফল্য উদ্‌যাপন করেন। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখের পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই সাফল্যের বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, “একবার ভালো ফল করা চমক হতে পারে, কিন্তু বছরের পর বছর সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই কাজটিই করে যাচ্ছে।”