রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে বিবাদের বিষয়টি নিয়ে অবশেষে কথা বললেন অরেলিয়েঁ চুয়ামেনি। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে তাঁদের দুজনের মধ্যে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনা নিয়ে দীর্ঘ সময় নীরব থাকলেও, এবার সেই রহস্যের কথা জানালেন এই ফরাসি মিডফিল্ডার। তাঁর স্পষ্ট দাবি, তাঁদের মধ্যে কোনো ধরনের মারামারি বা শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেনি। চুয়ামেনির মতে, সংবাদমাধ্যম এই সাধারণ ঘটনাটিকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে।
স্মরণ করা হয়, গত মে মাসে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই খেলোয়াড়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয় ক্লাবটি। সেই প্রেক্ষিতে চুয়ামেনি এবং ভালভের্দেকে ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছিল।
তৎকালীন সময়ে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ প্রকাশ্যে এই ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। একই সঙ্গে ড্রেসিংরুমের অভ্যন্তরীণ গোপনীয় বিষয়গুলো সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
দীর্ঘদিন পর ফ্রান্সের ইএসএন মিডিয়ার ‘দ্য ব্রিজ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে পুরো ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চুয়ামেনি। তিনি দাবি করেন, ভালভের্দের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ানোর যে খবর ছড়িয়েছিল, তার কোনো সত্যতা নেই।
সাক্ষাৎকারে চুয়ামেনি বলেছেন, “আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আমাদের মধ্যে কোনো মারামারি হয়নি। হ্যাঁ, ড্রেসিংরুমে নানা ঘটনা ঘটে, এটা সত্যি। কিন্তু আমাদের মধ্যে কখনো মারামারি হয়নি।” ড্রেসিংরুমের পরিবেশ সাময়িকভাবে কিছুটা খারাপ হয়ে গিয়েছিল বলে স্বীকার করেছেন এই ফরাসি তারকা। তবে তাঁর দাবি, সংবাদমাধ্যমে যে আলোচনা হয়েছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে অনেক বেশি গুরুতর করে দেখানো হয়েছে।
চুয়ামেনির ভাষায়, “ড্রেসিংরুমে ছোটখাটো ধাক্কাধাক্কি কিংবা এ ধরনের ঘটনা ঘটতেই পারে। কিন্তু ভালভের্দের সঙ্গে কখনো হাতাহাতিতে জড়াইনি। এটা ঠিক যে অপ্রীতিকর কিছু একটা ঘটেছিল।”
কেন একটি ছোট ঘটনা এত বড় আকার ধারণ করল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। চুয়ামেনির মতে, রিয়াল মাদ্রিদের মতো বিশ্ববিখ্যাত ক্লাবে খেললে সামান্য বিষয়ও সংবাদমাধ্যমে বিশাল হয়ে ওঠে। এই প্রসঙ্গে তিনি বলেন, “এসবের একমাত্র সমস্যা হলো আপনি যখন রিয়াল মাদ্রিদে খেলবেন, তখন সামান্য কোনো ঘটনাও অতিরঞ্জিত হয়ে যায়। সেটি সংবাদমাধ্যমের বড় আলোচনার বিষয়ে পরিণত হয়। যে ঘটনা হয়তো কোনো সমস্যাই ছিল না, শেষ পর্যন্ত সেটিই বড় সমস্যায় পরিণত হয়।”