রিয়াল মাদ্রিদের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে এবার স্পেনের ক্রীড়া কর্তৃপক্ষের নজর কাড়লেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ক্লাবটির প্রচারকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির তুলনা করায় তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)। তবে এই খবরের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন তেবাস।

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জানিয়েছে, তেবাসের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিএসডি নিজস্ব উদ্যোগে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

খবরটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তেবাস। তিনি লিখেছেন, “আমার মন্তব্যের জন্য সিএসডি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, এমন খবর বিশ্বাসই করতে পারছি না। যদি সত্যিই তা হয়, আশা করি তারা আগে আমার লেখা পড়বে এবং অতীতের কিছু ঘটনাও পর্যালোচনা করবে।”

নিজের অবস্থানের পক্ষে মতপ্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন লা লিগা প্রধান। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অতীতের কিছু মন্তব্যের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, একই ধরনের বিতর্কিত বক্তব্যের ক্ষেত্রে কেন ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে। তার ভাষায়, “মতপ্রকাশের স্বাধীনতা কারও পদবির ওপর নির্ভর করতে পারে না।”

পুরো বিতর্কের সূত্রপাত হয় শুক্রবার তেবাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। সেখানে রিয়াল মাদ্রিদ টিভির তীব্র সমালোচনা করতে গিয়ে ক্লাবটির প্রচারকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির কুখ্যাত প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের ব্যবহৃত কৌশলের তুলনা করেন তিনি।

তেবাস অভিযোগ করেন, রিয়াল মাদ্রিদ টিভি নিজেদের সুবিধামতো রেফারির সিদ্ধান্তগুলো তুলে ধরে এবং বারবার ক্লাবটির প্রতি অবিচারের কথা প্রচার করে প্রতিপক্ষকে শত্রু হিসেবে উপস্থাপন করে। তবে তিনি দাবি করেছেন, এই তুলনাটি নাৎসি মতাদর্শ কিংবা রিয়ালের সমর্থকদের লক্ষ্য করে করা হয়নি, বরং এটি ছিল কেবল প্রচারের কৌশলের একটি তুলনা।

তেবাসের এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা সভাপতি এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে তেবাসের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে ক্লাবটি। রিয়ালের মতে, ফুটবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদে আসীন থেকে এমন মন্তব্য করা একেবারেই অগ্রহণযোগ্য।

পাল্টা জবাবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তেবাস। তার দাবি, ক্লাবটির নেতৃত্ব দীর্ঘ সময় ধরে তাঁকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চালিয়ে আসছে।

দুই পক্ষের এই তীব্র বিরোধের মধ্যেই এবার সিএসডির সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়টি সামনে এসেছে। তবে তেবাসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।