কিলিয়ান এমবাপ্পের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চীনের সঙ্গে তৈরি হওয়া কূটনৈতিক ও বাণিজ্যিক সংকট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। ফরাসি এই তারকা খেলোয়াড় ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্লাব ও লিগ কর্তৃপক্ষও দুঃখ প্রকাশ করেছে, তবে তা সত্ত্বেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। বর্তমানে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে লা লিগার সম্প্রচার বন্ধ রয়েছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকেও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এই জটিল পরিস্থিতিতে সংকট সমাধানে যোগাযোগের বিষয়টি এবার নিশ্চিত করেছে চীন।
স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন যে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার সঙ্গে তাদের যোগাযোগ চলছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনার টেবিলে বসা হয়নি।
গত শুক্রবার (৬ নভেম্বর) সালামাঙ্কা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্পেনের সংবাদ সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইয়াও জিং এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমবাপ্পের মন্তব্যের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রিয়াল মাদ্রিদ, লা লিগা এবং স্পেনের আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে চীন।
তবে এই যোগাযোগগুলোকে এখনই আনুষ্ঠানিক আলোচনা হিসেবে অভিহিত করতে রাজি নন চীনা রাষ্ট্রদূত। ইয়াও জিং বলেন, “কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তবে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যোগাযোগ হচ্ছে।”
ফরাসি তারকার মন্তব্যে চীনা জনগণের অনুভূতিতে চরম আঘাত লেগেছে বলে দাবি করেন তিনি। রাষ্ট্রদূতের ভাষায়, “এই দুর্ভাগ্যজনক ঘটনা চীনের অনেক মানুষের অনুভূতিতে আঘাত করেছে। বর্তমান পরিস্থিতি মেনে নিতে তাদের কিছুটা সময় প্রয়োজন।”
মূলত একটি ইন্টারনেট মিম নিয়ে এমবাপ্পের করা মন্তব্য থেকেই এই বিতর্কের সূত্রপাত। ফরাসি অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এর একটি ভিডিওতে নিজের পছন্দের মিম সম্পর্কে কথা বলছিলেন রিয়াল তারকা। সেখানে তিনি এমন একটি ছবির কথা উল্লেখ করেন, যেখানে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের মুখের জায়গায় এমবাপ্পের নিজের মুখ বসানো হয়েছিল।
ওই ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমবাপ্পে সম্ভবত ওই ব্যক্তিকে একজন ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন। যদিও তিনি সরাসরি মাও সে-তুংয়ের নাম উচ্চারণ করেননি, তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চীনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ফরাসি অধিনায়ক।
এই বিতর্কের প্রতিক্রিয়ায় গত ২৬ অক্টোবর থেকে লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। পাশাপাশি দেশটির একাধিক প্রতিষ্ঠান এমবাপ্পের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাঁর অ্যাকাউন্টের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ডিজিটাল সম্প্রচারমাধ্যম মিগু রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো সম্প্রচার বন্ধ করে দেয়। গত ১ নভেম্বর রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ম্যাচটি তাদের সূচিতে রাখা হয়নি, যদিও একই সময়ে স্প্যানিশ লিগের অন্যান্য দলের ম্যাচগুলো সম্প্রচার করা হচ্ছিল।
স্পেনের সংবাদ সংস্থা ইএফই-র প্রতিবেদন অনুযায়ী, শুধু সরাসরি সম্প্রচারই নয়, মিগুর প্ল্যাটফর্মে সংরক্ষিত আগের ম্যাচগুলোর তালিকা থেকেও রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচের ভিডিও ও হাইলাইটস সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে চীনা জনগণের কাছে ক্ষমা চান এমবাপ্পে। ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের মন্তব্যকে অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন। সেই সঙ্গে চীনের ইতিহাস, সংস্কৃতি ও জনগণের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার কথা জানান এই ফরোয়ার্ড।
এরপর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, চীনের জনগণের অনুভূতিতে আঘাত লাগায় তারা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে দেশটির বিপুলসংখ্যক রিয়াল সমর্থকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্বও তুলে ধরে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগা কর্তৃপক্ষও আলাদাভাবে তাদের দুঃখ প্রকাশ করে।
একাধিকবার ক্ষমা প্রার্থনার পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। চায়না মিডিয়া গ্রুপ জানিয়েছিল, এমবাপ্পের ক্ষমা প্রার্থনা তারা বিবেচনায় নেবে, তবে শুধু কথায় নয়, ভবিষ্যতে তার আচরণেও পরিবর্তন দেখতে চায় সংস্থাটি।
এমন টানটান পরিস্থিতিতে গত সপ্তাহে চীনা রাষ্ট্রদূত ইয়াও জিংয়ের সঙ্গে বৈঠক করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সংকট সমাধানে চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।
গত সোমবার (২ নভেম্বর) ওয়ার্ল্ড ইন প্রোগ্রেস ফোরামে তেবাস বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে লা লিগা। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও ডিজিটাল সম্প্রচার প্রতিষ্ঠান মিগুর সঙ্গে লিগ কর্তৃপক্ষের সম্পর্ক এখনো অত্যন্ত ভালো বলেও দাবি করেন তিনি।
স্প্যানিশ ফুটবলের জন্য চীনের বাজার বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৯-৩০ মৌসুমের শেষ পর্যন্ত মিগুর সঙ্গে লা লিগার সম্প্রচার চুক্তি রয়েছে। তেবাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সিসিটিভি ও মিগুর সঙ্গে লা লিগার সম্প্রচার চুক্তিগুলোর সম্মিলিত বার্ষিক মূল্য প্রায় এক কোটি ইউরো, যা একসময় বছরে ১০ কোটি ইউরো পর্যন্ত পৌঁছেছিল।