মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই এখন কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ নেই, মাঠের বাইরের সম্পর্কের তিক্ততাও ক্রমেই বাড়ছে। আগামী রবিবারের হাই-ভোল্টেজ এল ক্লাসিকোর আগে এই বিরোধের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন আর তাদের কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। শুধু তাই নয়, দুই ক্লাবের বর্তমান পরিস্থিতিকে তিনি সরাসরি 'সংঘাত' হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম লেকিপে-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ এবং ওই ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন লাপোর্তা। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নেগ্রেইরা মামলাটিকে সামনে এনে রিয়াল মাদ্রিদ আসলে নিজেদের ব্যর্থতা থেকে ফুটবল বিশ্বের মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
রিয়ালের সঙ্গে বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে লাপোর্তা বলেন, ‘এখন আর কোনো সম্পর্ক নেই। আমি বরং বলব, এখন সরাসরি সংঘাত চলছে। তারা মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে।’
বার্সেলোনার বিরুদ্ধে ওঠা নেগ্রেইরা মামলার অভিযোগগুলো আবারও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন বার্সা সভাপতি। তার দাবি, এই বিতর্ককে পুঁজি করে পরিকল্পিতভাবে বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে লাপোর্তা বলেন, ‘তারা নেগ্রেইরা মামলার দিকে সবার মনোযোগ নিতে চায়। কিন্তু সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদ প্রাতিষ্ঠানিক ও ক্রীড়াগত দুই দিক থেকেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমার মনে হয়, তারা ভুল পথে এগিয়েছে এবং এখন তার মূল্য দিচ্ছে।’
এখানেই ক্ষান্ত হননি লাপোর্তা। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক দলবদল নীতি এবং মাঠের পারফরম্যান্স নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।
লাপোর্তার ভাষায়, ‘তারা অনেক দামি ফুটবলার কিনতে বিপুল অর্থ খরচ করেছে। কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছে না। দুই বছর ধরে তারা কিছুই জেতেনি। অন্যদিকে আমরা জিতছি এবং সব শিরোপার জন্য লড়াই করছি।’
উল্লেখ্য, নেগ্রেইরা মামলাটিই সাম্প্রতিক সময়ে দুই ক্লাবের সম্পর্কের চরম অবনতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। স্পেনের রেফারিদের কারিগরি কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে বার্সেলোনার আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চলছে। এই ঘটনায় বার্সেলোনার বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলেও ক্লাব কর্তৃপক্ষ বরাবরই তা অস্বীকার করে আসছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এই বিষয়ে বেশ সোচ্চার। গত ১ অক্টোবর উয়েফার কাছে নেগ্রেইরা মামলা সংক্রান্ত বিপুল পরিমাণ নথিপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। উয়েফাও জানিয়েছে, চলমান তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এই নথিগুলো পর্যালোচনা করবে। তবে লাপোর্তার অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বার্সেলোনাকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীরা।
মাঠের লড়াইয়ের আগে দুই ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এমন উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবারের এল ক্লাসিকোর আগে এই বিরোধ আরও তীব্র রূপ নিয়েছে। আগামী রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার মাঠেই মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার (২৬ অক্টোবর) রাত ২টায়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই লাপোর্তার এই বিস্ফোরক মন্তব্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাড়তি উত্তেজনা ও উত্তাপ যোগ করল।