ফুটবল বিশ্বে যেন হঠাৎ করেই সাত সংখ্যার এক অদ্ভুত জাদু কাজ করছে। মাত্র এক রাত আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ড—উভয় দলই প্রতিপক্ষের জালে সাতটি করে গোল বসিয়েছিল। আর ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবারও সেই একই দৃশ্য দেখা গেল স্পেনের মাঠে। নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এই সাত গোলের রাতে সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে উঠলেন ক্লদিয়া পিনা। প্রথমার্ধেই একাই চারটি গোল করে এল ক্লাসিকোর লড়াই কার্যত শেষ করে দেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে শুরু থেকেই রিয়ালের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই পিনার গোলে লিড নেয় তারা।
এরপর ২৮ মিনিটে দ্বিতীয় এবং ৩২ মিনিটে তৃতীয় গোল করে আধঘণ্টার কিছু সময়ের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন পিনা। এর ঠিক এক মিনিট পরেই ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।
রিয়ালের জন্য বিরতির ঘণ্টা তখনও বাজেনি। ৪৪ মিনিটে আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান পিনা, যা ছিল তাঁর ব্যক্তিগত চতুর্থ গোল। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
উল্লেখ্য, এল ক্লাসিকোর ইতিহাসে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চারটি গোল করা প্রথম বার্সেলোনা নারী ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন পিনা।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা স্তিমিত হয়ে এলেও গোলের ধারা অব্যাহত থাকে। ৫৫ মিনিটে এভা পায়োর গোলে ব্যবধান ৬-০ হয়। সবশেষে ৮৮ মিনিটে সিডনি শেরটেনলেইবের গোলে পূর্ণ হয় সাত।
পুরো ম্যাচজুড়েই রিয়াল মাদ্রিদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। প্রথমার্ধে শ্রোডারের একটি প্রচেষ্টা রুখে দেন বার্সেলোনার গোলকিপার কাতা কোল। এছাড়া আথেনেয়া একটি সুযোগ পেলেও তা গোল পোস্টে পাঠাতে ব্যর্থ হন।
মাঠের লড়াই একপেশে হলেও গ্যালারিতে ছিল উৎসবের আমেজ। ম্যাচটি প্রত্যক্ষ করতে ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন ৪০ হাজার ৫৩৩ জন দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড গড়েছে এই লড়াই।