এল ক্লাসিকোর আগে রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। চোটের কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না এরিক গার্সিয়া। জুলস কুন্দেকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে দুজনকেই ছাড়াই নামতে হবে হান্সি ফ্লিকের দলকে।

রোববার (১৮ অক্টোবর) দুই ডিফেন্ডারের চোটের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব জানিয়েছে, এরিকের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। সুস্থ হতে তার আনুমানিক তিন থেকে চার সপ্তাহ লাগবে।

অন্যদিকে কুন্দের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। পিএসজির বিপক্ষে তার না খেলা নিশ্চিত হলেও ক্লাসিকোর জন্য এখনই তাকে বাইরে রাখছে না বার্সা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাসিকোয় তার খেলার বিষয়টি নির্ভর করবে চোট কতটা সেরে ওঠে, তার ওপর।’

শনিবার রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানোর ম্যাচেই চোট পান দুজন। দ্বিতীয়ার্ধের শুরুতে জেরার্দ মার্তিনের বদলি হিসেবে নেমেছিলেন এরিক। দলের চতুর্থ গোলটিও করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে এরিক মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বার্সাকে। অন্যদিকে শুরুর একাদশে থাকা কুন্দে পুরো ম্যাচ খেললেও শেষ বাঁশির পর শারীরিক অস্বস্তি অনুভব করেন।

আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এরিক ও কুন্দেকেও হারানোয় পিএসজির বিপক্ষে রক্ষণের মাঝখানে ফ্লিকের মূল ভরসা এখন পাউ কুবারসি ও জেরার্দ মার্তিন। বেতিসের বিপক্ষে বিরতিতে মার্তিনকেও তুলে নেওয়া হয়েছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, তার চোট গুরুতর নয়। পিএসজির বিপক্ষে খেলার জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২০ অক্টোবর প্যারিসে পিএসজির বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে রক্ষণ সাজানোই এখন ফ্লিকের বড় চ্যালেঞ্জ।

লা লিগার প্রথম নয় ম্যাচের সব কটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া রিয়াল রয়েছে তৃতীয় স্থানে।