ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে আবারও বাঁ হাঁটুর চোটে ভুগছেন। গত মৌসুমে প্রায় দুই মাস তিনি এই চোটে মাঠের বাইরে ছিলেন, যা এখন রিয়াল মাদ্রিদকে উদ্বিগ্ন করেছে। তুরস্কের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে গোল করার পর ব্যথার কারণে মাঠ ছাড়তে হয় তাকে। এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া 'এল ক্লাসিকো'য় অংশগ্রহণ নিয়ে শঙ্কা বাড়ছে ক্লাবটির।
তুরস্কের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে গোলের পরপরই খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। চিকিৎসা সেবা নেওয়ার পর মাঠে ফিরলেও স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলেন না। কয়েক মিনিটের মধ্যেই তিনি মাটিতে বসে পরিবর্তনের ইঙ্গিত দেন। ফ্রান্সের প্রাথমিক পরীক্ষায় হাঁটুর টেন্ডনে চোট ধরা পড়েছে বলে জানা গেছে। এরপর তাকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মাদ্রিদে ফিরে আরও পরীক্ষা করাবেন তিনি, যেখানেই পরিষ্কার হবে চোট কতটা গুরুতর এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে।
রিয়ালের উদ্বেগ বাড়াচ্ছে এমবাপ্পের পুরোনো ইতিহাস। গত বছরের ৭ ডিসেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে একই বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। পরে সমস্যাটা বারবার ফিরে আসে। জানুয়ারিতে বেতিসের বিপক্ষে ম্যাচ ও স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল মিস করেন এমবাপ্পে। ফেব্রুয়ারিতে আবার ব্যথা বাড়লে বেনফিকা, গেতাফে, সেল্টা ভিগো, ম্যানচেস্টার সিটি ও এলচের বিপক্ষেও খেলতে পারেননি।
এএস-এর হিসাবে, গত মৌসুমে এই বাঁ হাঁটুর সমস্যায় ১২টি ম্যাচে সরাসরি প্রভাব পড়েছিল এমবাপ্পের। আরও তিনটি ম্যাচ খেলেছিলেন অস্বস্তি নিয়েই। এবারও চোটটা এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। দুই সপ্তাহ পর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে রিয়াল। এরপর রোমা, সেভিয়া ও লাইপজিগের বিপক্ষে ম্যাচ। আর প্রায় এক মাস পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো।
এমবাপ্পের গুরুত্ব বোঝায় তার গোলসংখ্যাই। চলতি মৌসুমে রিয়ালের ২০ গোলের আটটিই করেছেন তিনি। চোট কতটা গুরুতর, সেটির উত্তর এখনো মেলেনি। তবে রিয়ালের শঙ্কার জায়গাটা পরিষ্কার—সমস্যা আবারও এমবাপ্পের সেই বাঁ হাঁটুতে।