তাপসী দাস নাম তাঁর, তবে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতি তিনি পেয়েছেন ‘পুচির মা’ হিসেবে। মূলত তাঁর প্রথম পোষা বিড়ালের নাম ছিল পুচি, আর সেখান থেকেই এই নামের সূত্রপাত। ২০১৯ সাল থেকে তিনি তাঁর দৈনন্দিন জীবনের নানা মজার মুহূর্ত নিয়ে ভিডিও তৈরি করছেন, যা দেশ এবং বিদেশ মিলিয়ে অসংখ্য মানুষের কাছে জনপ্রিয়। দুর্গাপূজার এই বিশেষ সময়ে নকশার পাঠকদের জন্য তিনি শেয়ার করেছেন চারটি বিশেষ পদের রেসিপি। তাঁর সেই সিগনেচার ডিশগুলোর বিস্তারিত এখানে দেওয়া হলো।
প্রথম পদের উপকরণসমূহ:
রান্নার পনির: ২৫০ গ্রাম (কিউব করে কাটা)
আস্ত জিরা: আধা চা-চামচ
গোলমরিচ: আধা চা-চামচ
জিরা: আধা চা-চামচ
কাজুবাদাম: ৬-৭টি
টমেটো: ১টি
কাঁচা মরিচ: ৪-৫টি
তেল বা ঘি: সিকি কাপ
ক্যাপসিকাম (কিউব করে কাটা): আধা কাপ
পেঁয়াজ: আধা কাপ
পানি: অল্প পরিমাণে
লবণ: স্বাদমতো
চিনি: ১ চা-চামচ
গরমমসলা গুঁড়া: আধা চা-চামচ
তৈরির পদ্ধতি:
প্রথমে একটি তাওয়ায় আস্ত জিরা, গোলমরিচ ও জিরা হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সেগুলো ঠান্ডা করে গুঁড়া করে আলাদা করে রাখতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আগে থেকে ভিজিয়ে রাখা কাজুবাদাম, টমেটো এবং কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করুন। এবার চুলায় অন্য একটি পাত্রে তেল বা ঘি গরম করুন। সেই গরম তেলে পনিরের কিউবগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নিন। ওই গরম তেলেই ব্লেন্ড করে রাখা কাজুবাদাম বাটার মিশ্রণটি দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিন। যখন দেখবেন তেল ভেসে উঠছে, তখন কিউব করে কাটা ক্যাপসিকাম ও পেঁয়াজ মিশিয়ে দিন। এরপর এতে পরিমাণমতো পানি, লবণ ও চিনি যোগ করুন। ঢাকনা দিয়ে আরও ৪–৫ মিনিট রান্না করুন। সব উপকরণ সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিন। সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিন। সবশেষে আগে থেকে প্রস্তুত করে রাখা গরমমসলার গুঁড়ার মিশ্রণটি ওপর থেকে ছড়িয়ে দিন। এবার গরম-গরম পরিবেশন করুন এই সুস্বাদু পদটি।
দ্বিতীয় পদের উপকরণসমূহ:
ময়দা: ২ কাপ
লবণ: স্বাদমতো
তেল: ২ টেবিল চামচ
গরম পানি: অল্প পরিমাণে
তৈরির পদ্ধতি:
একটি পাত্রে ময়দা, লবণ ও তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে গরম পানি যোগ করে একটি নরম ডো বা খামির তৈরি করে নিতে হবে। খামিরটি তৈরি হয়ে গেলে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর লুচির জন্য ছোট ছোট করে রুটির মতো বেলে নিন। গরম ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তুলতুলে ফুলকো লুচি।