বর্তমান সময়ের তীব্র কাজের চাপ, পারিবারিক অশান্তি কিংবা মানসিক অস্থিরতার ভিড়ে আমরা অনেকেই হাসিখুশি থাকাটা ভুলে যাই। তবে সুখের সংজ্ঞাটি একেকজনের কাছে একেক রকম। যে কাজে একজন মানুষ পরম তৃপ্তি ও সুখ খুঁজে পান, অন্য একজন হয়তো সেখানে কোনো সুখই খুঁজে পাবেন না।

আমাদের প্রতিদিনের শুরুর ধরন, কাজের প্রকৃতি এবং ব্যক্তিগত অভ্যাসগুলো জীবনকে সুন্দর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব ছোট কিছু ইতিবাচক অভ্যাসই আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। দৈনন্দিন জীবনের এমন কিছু অভ্যাসের কথা নিচে আলোচনা করা হলো, যা মনকে প্রফুল্ল রাখতে এবং জীবনকে আরও সুন্দর করে তুলতে বিশেষ সহায়ক হয়।

শরীরকে সচল রাখা ও ব্যায়াম করা:
ব্যায়ামের কথা উঠলেই অনেকের মনে পড়ে জিমে গিয়ে কঠোর পরিশ্রম করার কথা। তবে এখানে কোনো ভারী ব্যায়ামের কথা বলা হচ্ছে না। প্রতিদিন নিয়ম করে হালকা হাঁটাহাঁটি, শরীর স্ট্রেচিং করা কিংবা ঘরের আশেপাশে ১৫ থেকে ২০ মিনিট হেঁটে আসলেও আমাদের মস্তিষ্কে বিশেষ কিছু হরমোন নিঃসৃত হয়, যা মনকে ফুরফুরে করে তোলে। মানসিক চাপ, দুশ্চিন্তা এবং মন খারাপ দূর করতে এটি অত্যন্ত কার্যকর। তবে মনে রাখবেন, শরীরের ওপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। নিজের সময়, সুযোগ এবং সক্ষমতা অনুযায়ী হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন। এখানে ব্যায়ামের ধরন মুখ্য নয়, বরং শরীরকে সচল রাখাই মূল লক্ষ্য।

পর্যাপ্ত ঘুমের নিশ্চয়তা:
অনেকেই রাত জেগে ফোনে স্ক্রল করেন এবং পরদিন সকালে অফিসের জন্য দ্রুত ঘুম থেকে ওঠেন। ফলে ঘুমের ঘাটতি হয়ে সারাদিন ঝিমিয়ে কাটে। একটু ভেবে দেখুন, ঠিকমতো ঘুম না হলে কি মন ভালো থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন রাতে অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে শান্ত রাখে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়। ঘুম ভালো হলে মনও প্রফুল্ল থাকে।

কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস:
আমরা সাধারণত আমাদের জীবনে কী নেই বা কী হারিয়েছি, তা নিয়েই বেশি আক্ষেপ করি। অথচ প্রতিদিন আমাদের জীবনে কত ছোট ছোট সুন্দর ঘটনা ঘটে। সকালে বেলকনিতে বসে এক কাপ চা খাওয়া, পথে কোনো অপরিচিত মানুষের হাসি কিংবা পরিবারের সদস্যদের সাথে আড্ডা দেওয়া—এই সবকিছুর জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। জীবনে যা পেয়েছেন তা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এবং স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই অভ্যাসটি জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে।

ঘর গুছিয়ে রাখা:
ঘর অগোছালো থাকলে মনের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করে। তাই ছুটির দিনে কিছুটা সময় বের করে ড্রয়ার বা পড়ার টেবিল গুছিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলুন। ঘর পরিষ্কার ও গোছালো থাকলে মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়, যা বাসায় কাটানো সময়কে আরও আনন্দদায়ক করে তোলে। সপ্তাহের কাজের চাপের মাঝে নিজের মতো করে সময় কাটানো বা ঘর সাজানোর মতো ছোট কাজগুলো মানসিক শান্তি ফিরিয়ে আনে। তাই সপ্তাহের একটি দিন নিজের জন্য বরাদ্দ রাখুন।

প্রিয়জনদের সময় দেওয়া:
অনেকে একাকী থাকতে পছন্দ করেন, তবে সবসময় একা থাকা সম্ভব নয়। দীর্ঘ সময় একা থাকলে মানুষ বিষণ্ণ হয়ে পড়তে পারে। কাজের ব্যস্ততায় সবার সাথে দেখা না হলেও সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে প্রিয় মানুষ বা কাছের বন্ধুর সাথে দেখা করুন, কফি শপে আড্ডা দিন। সম্পর্কের গভীরতা বাড়লে মন ভালো থাকে।

প্রকৃতির সান্নিধ্যে যাওয়া:
সপ্তাহে অন্তত একদিন সময় বের করে কোনো পার্ক, গাছপালায় ঘেরা জায়গা বা নদীর তীরে সময় কাটান। খোলা আকাশ, সবুজ ঘাস আর নির্মল বাতাস আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে। গবেষণায় দেখা গেছে, প্রকৃতির কাছাকাছি থাকলে মানুষের মন দ্রুত ভালো হয় এবং মানসিক অবসাদ দূর হয়।

সামাজিক কল্যাণমূলক কাজ করা:
অন্যের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মনেও এক অদ্ভুত শান্তি আসে। মাসে অন্তত একবার সাধ্যমতো কোনো অভাবী মানুষকে সাহায্য করুন। বন্ধু বা পরিবারের কাউকে ছোট কোনো উপহার দিতে পারেন। নিজেকে খুশি রাখতে এই ছোট কাজগুলো করা উচিত। অন্যের জন্য ভালো কিছু করা আমাদের ভেতরের মানবিকতাকে বাঁচিয়ে রাখে এবং আমরা ভেতর থেকে সুখী অনুভব করি।

নিজের সাথে সময় কাটানো:
সব সময় অন্যের সাথে ঘুরতে যেতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে শুধু নিজের জন্য সময় বের করুন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে প্রিয় খাবার খান, সিনেমা দেখুন, বই পড়ুন কিংবা একা একা ঘুরে আসুন। একা কাটানো এই মুহূর্তগুলো আপনাকে নিজের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করবে।

চিন্তার তালিকা তৈরি করা:
কোনো কাজে যাওয়ার আগে যদি ১০ মিনিট সময় পান, তবে ফোন স্ক্রল না করে নিজের মনের কথাগুলো ভাবুন। আপনি কী নিয়ে ভাবছেন বা আগামী দিনগুলোতে কী করতে চান, তা নিয়ে একটি ছোট নোট তৈরি করতে পারেন। জীবনের আনন্দময় স্মৃতি বা এমন কোনো ঘটনা, যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন—সেগুলো লিখে রাখতে পারেন।

নিজের যত্ন নেওয়া:
শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে গভীরভাবে জড়িত। সুখে থাকার জন্য বিভিন্ন অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের শরীরের যত্ন নিন। স্বাস্থ্যকর খাবার খান, পরিপাটি থাকুন এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। এছাড়া শারীরিক সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলো গুরুত্বের সাথে মেনে চলুন।

মনে রাখা প্রয়োজন, সবার সুখের সংজ্ঞা আলাদা। তাই নিজের ভালো থাকার জন্য নিজের পছন্দমতো কাজ করুন। জীবন একটাই, তাই নিজের যত্ন নিন এবং হাসিখুশি থাকার চেষ্টা করুন।

সূত্র: হেলথলাইন