বিশ্বজুড়ে বর্তমান প্রজন্মের তরুণদের মাঝে এক নতুন প্রবণতা হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘নোনাম্যাক্সিং’। জীবনের দ্রুত গতি থেকে দূরে সরে এসে ধীরস্থির জীবনযাপনের এই ধারায় কেন আগ্রহী হয়ে উঠছেন তারা? আর আদতে কি এই জীবনধারায় প্রকৃত প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব?

বর্তমান সময়ে মানুষ যেন এক দুর্নিবার নেশার পেছনে ছুটছে। ভালো কিছুর চেয়ে আরও ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং সবক্ষেত্রে সেরা হওয়ার তীব্র প্রতিযোগিতা এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক মাধ্যমে নিজের প্রচারের লড়াইয়ে মানুষ যেমন মত্ত, তেমনি শিশুদেরও সেই প্রতিযোগিতার দৌড়ে নামিয়ে দিচ্ছে অভিভাবকরা। তবে এই অসুস্থ প্রতিযোগিতা এবং সবকিছু পাওয়ার অন্ধ আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন এই যুগের তরুণেরা।

মূলত সামাজিক মাধ্যমের প্রভাবেই ‘নোনাম্যাক্সিং’ ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই জীবনধারার মূল কথা হলো—নানা-নানি কিংবা দাদা-দাদিদের আমলের মতো জীবন অতিবাহিত করা, যখন জীবনের গতি ছিল অত্যন্ত ধীর। সেই সময়ে মানুষের জীবনে ছিল অকৃত্রিম হাসি, খুনসুটি আর আড্ডার আমেজ। পরিবারের সদস্যদের জন্য সময় নিয়ে রান্না করা এবং সবাই মিলে আয়েশ করে খাবার খাওয়া ছিল তখনকার নিয়ম। আধুনিক যুগের মতো প্রতি মুহূর্তে ‘কিসের যেন একটা তাড়া’ ছিল না সেই সময়ে। স্মৃতির পাতায় চোখ বুজলে নানির সেলাইয়ের ফোঁড়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্যগুলো ভেসে ওঠে। উল বোনা, কুরুশকাঁটার কাজ, বিভিন্ন ধরনের সেলাই কিংবা পিঠা বানানো—সেই সময়ের মানুষগুলো এসব সৃজনশীল কাজে পারদর্শী ছিলেন। বই পড়ার জন্য তাঁদের হাতে পর্যাপ্ত সময় ছিল। সেই হারিয়ে যাওয়া জীবনধারাকেই ফিরিয়ে আনার চেষ্টা করছে ‘নোনাম্যাক্সিং’।

‘নোনাম্যাক্সিং’ শব্দটির উৎপত্তি হয়েছে এয়ারবিএনবিতে জনপ্রিয় একটি অভিজ্ঞতা ‘নোনাস হ্যান্ডমেড পাস্তা উইথ গ্র্যান্ডমা’ থেকে। ইতালির এই বিশেষ আয়োজনে পর্যটকরা স্থানীয় দাদি-নানিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। তাঁদের কাছ থেকে হাতে পাস্তা তৈরি করা শেখার পাশাপাশি ঐতিহ্যবাহী পরিবেশে বসে আহার করার অভিজ্ঞতা লাভ করেন। এর ফলে পর্যটকরা মজাদার রেসিপির পাশাপাশি কিছু অমূল্য স্মৃতি সাথে করে নিয়ে যান। দাদি-নানিদের মতো ধীরগতিতে জীবনকে প্রবাহিত হতে দেওয়ার এই দর্শনই এখন ‘নোনাম্যাক্সিং’ নামে পরিচিতি পেয়েছে।

এই জীবনধারায় জীবন চলে আপন ছন্দে ও মৃদু গতিতে। দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর মানুষ পায় প্রকৃত অবসর, যা মনকে স্বাধীন পাখির মতো মুক্তি দেয়। পরিবারের জন্য কাজ করার মাঝে এক অনন্য সুখ খুঁজে পাওয়া যায় এই ধারায়। এখানে ‘রেডি টু কুক’ বা দ্রুত রান্নার খাবারের চেয়ে সময় নিয়ে নিজ হাতে খাবার তৈরির গুরুত্ব বেশি। ডিজিটাল জীবনধারার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে এই দর্শন। এখানে অবসর মানে স্মার্টফোনের স্ক্রিন স্ক্রল করা, চ্যাট করা কিংবা গেম খেলা নয়; বরং দাদি-নানিদের মতো সৃজনশীল ও আয়েশি কাজে সময় কাটানো। এর পাশাপাশি হাঁটাহাঁটি এবং বাগান করাও এই জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। এই পদ্ধতিতে মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পায় এবং ক্যারিয়ারের চেয়ে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি হয়ে ওঠে। এখানে সেরা হওয়ার কোনো ‘অসুস্থ ক্ষুধা’ নেই। এমনকি ভ্রমণে গিয়েও পোশাক বদলে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা কিংবা দর্শনীয় স্থানে সেলফি তোলার নেশায় সময় নষ্ট করা হয় না। তবে এর অর্থ এই নয় যে, মানুষকে পুরোপুরি প্রাচীন জীবনধারায় ফিরে যেতে হবে। বরং তাঁদের ধীরস্থির মানসিকতাকে গ্রহণ করে প্রাণভরে জীবনকে উপভোগ করাই এর মূল লক্ষ্য।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণে যাওয়া জেন-জিদের মধ্যে ৭৬ শতাংশকেই ‘নোনাম্যাক্সিং’ অনুসরণ করতে দেখা গেছে। তাঁরা ভ্রমণের সময় দাদি-নানিদের মতো ধীরস্থিরভাবে সময় কাটাচ্ছেন। এমনকি জাপানে ভ্রমণে যাওয়া অনেক তরুণ এখন গাইড হিসেবে দাদি-নানির বয়সী বয়স্ক মানুষদের বেছে নিচ্ছেন।

নিউ জার্সির পুষ্টিবিদ এরিন প্যালিনস্কি-ওয়েড জানান, বাড়িতে তৈরি করা খাবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তা ছাড়া ‘নোনাম্যাক্সিং’ পদ্ধতি মেনে খাবার খাওয়াটা ‘মাইন্ডফুল ইটিং’য়েরও চর্চা। এটিও দেহের জন্য ইতিবাচক। অন্যের সঙ্গে ভাগাভাগি করে খাওয়াটা মনের জন্যও ভালো। তবে ‘ট্রেন্ড’ অনুসরণ করতে গিয়ে সেটিই যাতে চাপ হয়ে না দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখতে বললেন তিনি। বরং আধুনিক জীবনের বিভিন্ন অংশে পুরোনো দিনের সেই চর্চাগুলো সহজভাবে ফিরিয়ে আনার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার মনোবিদ লরি সিঙ্গার জানান, ডিজিটাল স্ক্রিন থেকে নিজেকে দূরে রেখে বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারলে মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব পড়ে। সামাজিক মাধ্যম আমাদের অনেক সময়ই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার দিকে নিয়ে যায়। তাতে আত্মমর্যাদাবোধ কমে যেতে পারে। অন্যদিকে, ধীর জীবনধারা এবং অন্য ভাবনা ফেলে নির্দিষ্ট একটি কাজে মনোনিবেশ করাটা (যেমন সেলাই) মানসিক স্বাস্থ্যের জন্য চমৎকার চর্চা। হাতে-কলমে শখের কাজের চর্চা করলে দুশ্চিন্তার বোঝাও কমে।

সূত্র : ফক্স নিউজ, বিবিসি