ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা আব্দুল আহাদ বর্তমানে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জীবনের ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়ে তিনি গড়ে তুলছেন এক সচেতন নাগরিকের সত্তা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি তার সারাদিনের পড়াশোনা ও কাজের পরিকল্পনা করে নেন। দিনের শুরুতেই তিনি অনলাইন সংবাদমাধ্যমগুলোর খবরের সাথে নিজেকে আপডেট করে নেন। মুক্তকণ্ঠ, যমুনা টিভি এবং সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুসরণ করেন তিনি। দেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও তার তীক্ষ্ণ নজর থাকে। তবে সকালবেলা থেকেই যুদ্ধ, সহিংসতা, দুর্নীতি ও জলবায়ু সংকটের মতো নেতিবাচক খবরগুলো পড়তে গিয়ে তিনি মাঝে মাঝে মানসিক অস্থিরতার সম্মুখীন হন। তার মতে, পৃথিবী যেন দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই তরুণ শিক্ষার্থী। তিনি মনে করেন, আমাদের সমাজে এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি হয়নি। ফলে অনেক তরুণ-তরুণী নিজের মানসিক কষ্ট প্রকাশ করতে সংকোচ বোধ করেন। আব্দুল আহাদ এমন একটি সমাজের স্বপ্ন দেখেন, যেখানে মানুষ নির্ভয়ে নিজের সমস্যার কথা বলতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তাও পাবেন।

পড়াশোনার পাশাপাশি সাহিত্য, উপন্যাস ও পত্রিকা পড়ার প্রতি তার প্রবল অনুরাগ। যদিও তিনি খবর জানতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, তবে কোনো বিষয় গভীরভাবে বোঝার জন্য ছাপা বই ও পত্রিকার ওপরই তার আস্থা বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকগুলো স্বীকার করলেও তিনি এর অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক। তার মতে, এর ফলে সময়ের অপচয় হয়, ভুয়া তথ্যের বিস্তার ঘটে এবং অন্যের সাথে নিজের জীবনের অপ্রয়োজনীয় তুলনা তৈরি হয়। তাই এই মাধ্যমগুলো ব্যবহারে সচেতন থাকা জরুরি বলে তিনি মনে করেন।

সফলতার সংজ্ঞায় তিনি প্রচলিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করেন। তার কাছে সফলতা মানে কেবল চাকরি, অর্থ বা সামাজিক মর্যাদা নয়। তিনি বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার ইবাদত করা, নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকা, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো এবং মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকাই প্রকৃত সফলতা। অর্থনৈতিক নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, তবে মানসিক শান্তি ছাড়া কোনো অর্জনই তার কাছে পরিপূর্ণ নয়।

বর্তমান প্রজন্মের অর্থাৎ 'জেন-জি' এবং আগের প্রজন্মের মধ্যে সফলতাকে দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য নিয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন, আগের প্রজন্মের কাছে স্থায়ী চাকরি ও আর্থিক নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মও আর্থিক নিরাপত্তা চায়, তবে এর পাশাপাশি মানসিক শান্তি, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের পছন্দের কাজকে তারা অধিক গুরুত্ব দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগকে তিনি ভয় হিসেবে নয়, বরং নতুন সুযোগ হিসেবে দেখছেন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলতে পারলে ভবিষ্যতে আরও ভালো সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশাবাদী।

জেন-জি প্রজন্মকে অনেকে অস্থির বলে অভিহিত করলেও আব্দুল আহাদ মনে করেন, তার প্রজন্ম প্রশ্ন করতে জানে, নতুনভাবে চিন্তা করতে জানে এবং পরিবর্তনের সাহস রাখে। তবে এই যাত্রায় সততা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। তার একজন শিক্ষকের কথা তিনি স্মরণ করেন, যিনি বলেছিলেন, ‘সুযোগের অভাবে সবাই সৎ।’ এই কথাটি তাকে সব সময় দায়িত্বশীল থাকার প্রেরণা দেয়।

ভোলার মানুষ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। শুধু ভোলা নয়, পুরো বাংলাদেশই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে বলে তিনি মনে করেন। এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতা, যার প্রভাবে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে ওঠে। মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তা তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলছে।

সামাজিক পরিবর্তনের লক্ষ্যে তিনি কুসংস্কার, বৈষম্য ও সংকীর্ণ মানসিকতা দূর করার কথা বলেন। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাক্স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার চর্চাকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। একজন নাগরিক হিসেবে তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে চান তিনি।

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন তার। তিনি বিশ্বাস করেন, শুধু জেন-জি নয়, সব প্রজন্ম যদি দলমত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সততা, সহমর্মিতা ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে কাজ করে, তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।