রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চালক সেজে প্রবাসীদের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, আলামিন মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করতেন। বিদেশ থেকে আসা প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলতেন তিনি। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে বিভিন্ন স্থানে নামিয়ে দিতেন। দীর্ঘ সময় ধরে এই কৌশলে অনেক প্রবাসীর সম্পদ হাতিয়ে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, "আলামিন শেখের ঘর থেকে ১টি চায়নিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।"
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান এবং গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিনে মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় পৃথক অভিযানে ৮০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের অন্য একটি দল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন।