মাদকবিরোধী বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮টি ইয়াবা বড়ি, ৪২ কেজি গাঁজা এবং ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সামাজিক অবক্ষয় রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার পুলিশ সুপার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় নিয়মিত মাদকবিরোধী সমাবেশ, র্যালি এবং সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মামলাগুলোতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, ছিনতাই প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে আরও তিনজন ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান এবং কঠোর আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।