চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকা থেকে নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামের ওই তরুণীকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ঐশিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে মাদক ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার ঐশি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। বর্তমানে তিনি আলমডাঙ্গার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, "তরুণীর কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"

জব্দকৃত মাদক ও অন্যান্য জিনিসপত্র জব্দ তালিকার মাধ্যমে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।