পিরোজপুরের নাজিরপুরে পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আরও চারজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে একটি দল ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক সাগর উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিন ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।

এছাড়া উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন সিআর/জিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তপন হালদার, রবীন্দ্র নাথ হালদার, রিপন হালদার ও অনুপ হালদার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এলাকাকে মাদকমুক্ত করা ও আইনশৃঙ্খলা সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।