ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত হয়।
ভুক্তভোগী ওই নারীর নাম রোশনা বেগম (৪০), তিনি ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি কালো রঙের হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে এসে হাজির হয়। তারা নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড তৈরির কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। এরপর বিভিন্ন কৌশলে তারা রোশনা বেগম এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে শুরু করে।
তথ্য সংগ্রহের একপর্যায়ে তারা জানায় যে, ফ্যামিলি কার্ডের জন্য এখন ‘লাইভ ভেরিফিকেশন’ সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রোশনা বেগমকে মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকাতে বলা হয়। তিনি যেই ক্যামেরার দিকে তাকান, ঠিক সেই মুহূর্তেই এক যুবক অত্যন্ত দ্রুততার সাথে তার কান থেকে স্বর্ণের দুলটি টান দিয়ে ছিনিয়ে নেয়। ঘটনার পর কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক তাদের মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাই তারা অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যক্তিগত তথ্য প্রদান না করার পাশাপাশি সরকারি কোনো কার্ড বা সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাটি শুনেছি। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে তারা সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”
এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী মুক্তকণ্ঠকে বলেন, “ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করবে।”