ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঢাকা থেকে নানাবাড়ি বেড়াতে আসা আট বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটির নাম আবু বকর। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত শিশু আবু বকর একই উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, আবু বকর দীর্ঘ দিন ধরে তার বাবা-মায়ের সাথে রাজধানী ঢাকায় অবস্থান করছিল। ঘটনার দিন শনিবার সকাল ৮টার দিকে সে তার মামা ইমনের সাথে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। সকাল ১১টার দিকে ওই বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছিল, যা দেখার জন্য আবু বকর পুকুরপাড়ে যায়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া না গেলে আত্মীয়স্বজনেরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনেরা তাকে ওই পুকুরেই ভেসে থাকতে দেখেন। দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।