ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঝুলন্ত বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, আর তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান তার দুই ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায়। নিহত দুই ভাইয়ের পরিচয় পাওয়া গেছে— তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের দুই ছেলে মো. আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা পেশায় গাছ কাটার কাজ করতেন এবং এর মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হতো। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে তজুমদ্দিন থেকে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার কাজে যান। কাজ চলাকালীন একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার ঝুলন্ত অবস্থায় ছিল। সেই তারটি সরাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার।

ততক্ষণে নিচে অবস্থান করা ছোট ছেলে রাকিব তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন এবং মুহূর্তের মধ্যেই তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর গাছে থাকা বড় ছেলে রহিম তার বাবা ও ভাইকে উদ্ধার করতে নিচে নেমে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও বিদ্যুতায়িত হন। এই ভয়াবহ দুর্ঘটনায় বাবা ও দুই ছেলে মারাত্মকভাবে আহত হন।

দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই ভাই রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন বাবা আলম বক্তার।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।”