চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসিবুল্লাহ নিজ ঘরে ফ্যানের রেগুলেটর ঠিকঠাক করার কাজ করছিলেন। এ সময় তার সাথে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে এবং তিনি গুরুতর আহত হন। পরিস্থিতি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার বিষয়টি জেনেছি। থানায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।"