বরগুনার পাথরঘাটায় একটি মাছ ধরার ট্রলার ধোয়া-মোছা ও মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে ডুবে গিয়ে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. বাচ্চু ও মো. রুহুল নামে আরও দুই জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে মো. বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা নামক এলাকা সংলগ্ন একটি খালে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী মাছ শিকারে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার উদ্দেশ্যে এফবি সিমা-৩ নামের একটি ট্রলার ধোয়া-মোছা ও মেরামতের কাজ করছিলেন জেলেরা। এসময় পাথরঘাটা উপজেলা বাদুরতলা সংলগ্ন খালের তীর থেকে বৈদ্যুতিক তারের একটি সংযোগ নিয়ে খালের পাশে নোঙর করা ওই ট্রেলারটিতে কাজ শুরু করেন তারা। পরে ট্রলারটির পাশ থেকে আরেকটি ট্রলার চালিয়ে গেলে ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলারটিতে কাজ করতে থাকা কয়েকজন জেলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া অন্যা জেলেরা ট্রলারের ওপরে থাকলেও দেলোয়ার নামের ওই জেলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়াও এ ঘটনায় আহত অপর দুই জেলের মধ্যে মো. বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
পাথরঘাটার এফবি সিমা-৩ ট্রলারের মাঝি মো. জয়নাল আবেদীন বলেন, নিষেধাজ্ঞার সময়ে ট্রলারটি ডকইয়ার্ডে ছিল। সেখান থেকে নামানোর পর ধোয়া-মোছাসহ টুকিটাকি মেরামতের জন্য আজ সকালে ট্রলারের জেলেদেরকে আসতে বলা হয়। সকাল ১০টার পরে তারা এসে কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার খালে পড়ে ডুবে যায়। পরে আমরা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দেলোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় বাচ্চু নামে আরও এক জেলে বেশি আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে মো. দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলার মেরামত ও ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে ডুবে গিয়ে ওই জেলের মৃত্যু হয়েছে।