ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কাপড়সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহের উত্তর পাশের সড়কে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—জয়নাল হোসেন জুনায়েদ (৩০), সাজ্জাদ হোসেন অভি (২০) ও মাইনউদ্দিন মাছুম (২৬)। তারা সকলেই ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পিকআপটির ভেতর থেকে সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, ভারতীয় শাড়ি ও কাপড়ের এই চালানটি সীমান্ত পার হয়ে ফেনী নদী দিয়ে বোটযোগে দেশে আনা হয়েছিল। এরপর পিকআপে করে মালামালগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের মুক্তকণ্ঠকে জানান, "আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"