ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরবর্তীতে ওই পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে।

বিজিবির দেওয়া তথ্যানুযায়ী, নির্দিষ্ট সংবাদের ভিত্তিতে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সীমান্তে এক ব্যক্তিকে দেখতে পায় টহল দলের সদস্যরা। তাঁকে থামার জন্য সংকেত দেওয়া হলে ওই ব্যক্তি দ্রুত গতিতে হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এরপর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, “উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”