ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির টহল দলগুলো পৃথক পৃথকভাবে সীমান্ত এলাকায় এই অভিযানগুলো চালায়।

বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য চোরাচালান হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির আভিযানিক দলগুলো। অভিযানের সময় সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা বলে নির্ধারণ করা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির এমন কঠোর ও তৎপর অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।