প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফেনী জেলার সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় এই বিশেষ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিটি সাজানো হয়েছে। এই উদ্যোগের আওতায় স্থানীয় এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত অর্ধশত কোমলমতি শিক্ষার্থীর হাতে নতুন স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশুদের মাঝে ব্যাপক আনন্দের পরিলক্ষিত হয় এবং তাদের অভিভাবকরাও এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় অভিভাবক সাঈদুল হক ভূঞা মুক্তকণ্ঠকে জানান, “আমরা সাধারণত জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখি। কিন্তু আজ দেখছি একটি ব্যতিক্রমী জন্মদিন পালন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ। এ জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।”
পুরো কর্মসূচির তত্ত্বাবধায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম কামরুজ্জামান কামরুল মুক্তকণ্ঠকে জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানের ধারাবাহিকতায় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।”