ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এই বিশেষ অভিযানটি পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। মাদক চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করার লক্ষ্যেই এই টহল কার্যক্রম চালানো হচ্ছিল। অভিযান চলাকালীন টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দ্রুত তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে, কর্নেল হাসিবুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও সদা প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় ৪ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”