ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এবং সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য আতশবাজি বাংলাদেশে এনে বিক্রয় করার অপরাধে ৬ যুবককে আটক করেছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার ভোরে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী শহরের ভেতরের বাজারের জেবি রোডে ভারতীয় আতশবাজি বিক্রি করা হচ্ছে বলে গোয়েন্দা পুলিশ খবর পায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
অভিযান চলাকালীন পুলিশ আইয়ুব নবী (৫৫), তাপস চন্দ্র দেবনাথ (২৭), দিদারুল আলম (২৫), অপু চন্দ্র দে (৩৭), খোকন চন্দ্র দাশ (৩৮) এবং বাবুল দেবনাথকে (৫০) আটক করে।
ঘটনাটি নিশ্চিত করে ফেনীর অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জাবেদ মাহমুদ মুক্তকণ্ঠকে জানান, “আটককৃতদের ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের রুজু করে রোববার বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”