মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় শাড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। গ্রেপ্তাররা হলেন জাম্বুরাছড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬) এবং একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে তারেক মিয়া (২৬)।

পুলিশ জানায়, জাম্বুরাছড়া এলাকায় লেহেন খাড়িয়ার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা শাড়ি মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন ও তারেককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘরটি থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার প্রতিটির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সহযোগীদের সাহায্যে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়িগুলো দেশে এনে বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি করতেন। অভিযানের সময় অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন পালিয়ে যেতে সক্ষম হন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য চোরাচালানের অভিযোগে আটক দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।