ভারতে বিভিন্ন মেয়াদে কারাবাস শেষে দুই শিশুসহ নয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মণ্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচাড়। তাঁদের বাড়ি নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে ওই নাগরিকেরা অবৈধভাবে সীমান্তপথে ভারতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তাঁরা আটক হন। আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় তাঁরা কারাগার থেকে মুক্তি পেয়ে শেল্টার হোমে অবস্থান করেন।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি শফিকুল ইসলাম জানান, সংস্থার নিজস্ব শেল্টার হোমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। অবৈধ উপায়ে বিদেশে গিয়ে আইনি জটিলতা ও ঝুঁকির শিকার হওয়া এড়াতে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের বেনাপোলে পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।