পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বেই পাটওয়ারীরা বিবেকবর্জিত ও অশালীন বক্তব্য প্রচলন করছে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে আয়োজিত শোভাযাত্রার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, সংসদে আমীর সাহেব বলেছেন— ‘আমি প্রধামন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে।’ তিনি এটাও বলেছেন, ‘কোন ইতররা এসমস্ত অপকর্ম করেছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানাচ্ছেন।’

এরপর তিনি পাটওয়ারী সাহেবের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। মন্ত্রী বলেন, একদিকে পাটওয়ারী সাহেবের বক্তব্য— সে এতদিন তারেক জিয়া, জিয়া পরিবারকে টার্গেট করে বলেছে এবং ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে তুই-তোকারি করে অশ্লীল ও অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছে। কই, আমাদের আমীর সাহেব অথবা যারা আমীর সাহেবের সঙ্গে এখন বিরোধী দলে ঐক্যবদ্ধ হয়েছেন, একটিবারের জন্যও কি তাকে বারণ করেছিলেন? কারণ রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝেন না। রাজনীতির মাঠে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করতে চান, তাদের মধ্যেই এ ধরনের বক্তব্য।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, একটি ছেলে এমন কিছু গালিগালাজ করেছে, যার নাম মুখে নিতে চাই না। লংমার্চে গিয়ে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে কথা বলেন, স্লোগান দেন— ‘হৈ হৈ রৈ রৈ, এরা (ছাত্রদল-যুবদল) গেলি কই।’ এটা হলো পাটওয়ারী সাহেবদের বক্তব্য, এটি আমাদের আমীর সাহেবেরও বক্তব্য। আমীর সাহেবের নেতৃত্বেই এ সমস্ত অশালীন ও অশ্লীল বক্তব্য— যেগুলো রাজনীতিতে যায় না, সমাজে যায় না— সেই বিবেকবর্জিত বক্তব্যগুলো তারা স্টাবলিশ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন প্রমুখ।