পিরোজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, সরকার গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য ও চাটুকারিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পিরোজপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ৩৫০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, "সরকার কী যোগ্যতার ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দেয়? তার দাবি, অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক চাটুকারিতাকে পুরস্কৃত করা হচ্ছে। যে গালিগালাজ করতে পারে, তার রিওয়ার্ড হলো সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া। এ ধরনের মানুষদের কাছ থেকে আমরা কী বড় প্রত্যাশা করতে পারি?"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তোলে বলেন, "ভিসি নিয়োগেও দলীয় পরিচয় ও আনুগত্যকে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে তারা মনে করছেন।" উদাহরণস্বরূপ তিনি যোগ করেন, "আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একজন ভিসির যোগ্যতা তিনি ধান লাগানোর জন্য মিছিল করছেন, এটিই তার যোগ্যতা। এই যে ধান লাগানো ভিসি যিনি আসতেছেন, তিনি কি আমাদের মতো তরুণদের জন্য ভালো কিছু চিন্তা করতে পারবেন? বরং দেখা যায়, তিনি ওই দলীয়করণই করবেন।"
এ ধরনের ‘অন্ধ সংস্কৃতি’ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে দক্ষ নেতৃত্ব গঠনে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা ও মেধার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দিলে দেশের অগ্রযাত্রায় ব্যঘাত ঘটে। বিরোধীদলের চলমান লংমার্চের প্রসঙ্গে তিনি বলেন, "আজকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুল রহমানের নেতৃত্বে ছয় দফা বাস্তবায়নের দাবিতে লংমার্চ শুরু হয়েছে। ওই ছয় দফার অন্যতম একটি যৌক্তিক দাবি হলো দেশকে ‘অন্ধ দলীয়করণ’ থেকে মুক্ত করা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।"
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে পরামর্শ দিতে গিয়ে সিবগাতুল্লাহ সিবগা সচেতনতার আহ্বান জানান। তিনি বলেন, "তোমাকে সবসময় আটকে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা বলতে চাই, যদি তুমি সচেতন হও এবং পরিকল্পনা গুছিয়ে কাজ করতে পারো, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না।" শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না হয়ে দেশ, সমাজ ও ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকার নির্দেশ দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান।
ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান। জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশ নেন।