ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় জুলেখা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। নিহত নারী পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার ফারুক আহমেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেলে স্বামী-স্ত্রী দুজন মোটরসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাত্রা করছিলেন। কানহর এলাকায় পৌঁছানোর সময় অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় ঝোলানো ওড়নাটি চলমান মোটরসাইকেলের চাকায় জড়িয়ে যায়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মহাসড়কে পড়ে আহত হওয়া স্বামী ফারুক আহমেদকে আশপাশের স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।