গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সব গণতান্ত্রিক শক্তির প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে তিনি এ মন্তব্য করেন।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায়কে কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে হাসনাত কাইয়ূম বলেন, ‘জনগণের প্রদত্ত এ ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’
সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। জনগণের জান-জবান-সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে।’
দলের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে সহসভাপতি মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কমিটির সদস্যরা নিজ নিজ অঞ্চল ও বিভাগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করেন।