প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গুপ্ত’ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘির ময়দানে ১১–দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি প্রসঙ্গটি তোলেন। তবে বক্তব্যে তিনি তারেক রহমানের নাম উল্লেখ করেননি।
সমাবেশের এক পর্যায়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘সরকারি দলের লোকেরা এখন সন্ত্রাসে ঝাঁপিয়ে পড়েছে। চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়েছে। চার দিন আগে আপনারা দেখেছেন, ঢাকা বিমানবন্দরে একজন প্রবাসীর স্বর্ণ নিয়ে গেছে ছিনতাইকারীরা। যখন ছিনতাই করে তখন বলে, আমরা আওয়ামী লীগের লোক। ধরা পড়ার পরে দেখা যায়, সবগুলা বিএনপির লোক। একেই বলে গুপ্ত। যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, দুর্নীতি করে, সেই হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত।’
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তোলেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্য থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
একটি বিরোধী রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় দলটি ‘গুপ্ত বেশ’ ধারণ করেছিল এবং পরে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তারেক রহমান তাঁর বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন তিনি জামায়াতে ইসলামীর দিকেই ইঙ্গিত করেছেন।