কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ দুই মাসে ১০ হাজার টাকা বিল পরিশোধ করেছেন বলে দাবি করলেও গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র।
সিফাত আব্দুল্লাহ সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন, তিনি গত দুই মাসে (জুলাই ও আগস্ট) প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। বিষয়টি অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় সরকারপ্রধানের (প্রধানমন্ত্রী তারেক রহমান) সমালোচনা করেন।
তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. আহসান কবীর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত সিফাত আব্দুল্লাহর বাবার নাম মো. সেকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাদের দুই তলা বাড়িতে মোট ৩টি আবাসিক বিদ্যুৎ মিটারের সংযোগ রয়েছে।
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সিফাত আব্দুল্লাহদের বাড়ির একটি মিটারে (মিটার নম্বর: এস০০০৪৩৩*৭) মে মাসে ৪৫ ইউনিটের বিল বাবদ ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটের বিল ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের বিল ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের বিল আসে ৫১৩ টাকা। ফলে এই মিটারে চার মাসে মোট ৩২০ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় মিটারে (মিটার নম্বর: এস০০০২১৮*৫) মে মাসে ২৫০ ইউনিটের বিল বাবদ ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটের বিল ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের বিল ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের বিল এসেছে ২ হাজার ৩৯৭ টাকা। এই মিটারে চার মাসে মোট ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা।
এছাড়া তাদের বাড়ির তৃতীয় মিটারে (মিটার নম্বর: এস০০০৪২৪*৭) মে মাসে ১২৫ ইউনিটের বিল বাবদ ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের বিল ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের বিল ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের বিল এসেছে ১ হাজার ৩৬২ টাকা। এই মিটারে চার মাসে মোট ৬২৫ ইউনিট ব্যবহারের বিপরীতে মোট বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা।
অর্থাৎ, মে থেকে আগস্ট ২০২৬—এই চার মাসে তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজীপুর বোর্ড বাজার জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে ব্যবহৃত বৈদ্যুতিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহ করতে চাইলে তার পরিবার তা দিতে অস্বীকৃতি জানায় এবং পরে তারা বাড়ির ফটক বন্ধ করে দেন।
এদিকে, সিফাত আব্দুল্লাহর (২৫) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে আদালতেও পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেছিলেন সিফাত।
পুলিশের ওই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ওয়াদা জানায়, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে একটি আকস্মিক মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন। মামলার পর সিফাতকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ওসি গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ৩ সেপ্টেম্বর রাতে তাকে গাজীপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
ভিডিওতে নিজের বিদ্যুৎ বিল দেখিয়ে সিফাত অভিযোগ করেন, গত দুই মাসে তার কাছ থেকে প্রায় ৪-৫ হাজার টাকা বিল নেওয়া হয়েছে। এ সময় বিএনপি সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন।