জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন।
সমাবেশে তিনি বলেন, "কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।"
কুমিল্লাবাসীর সাহসিকতাকে প্রশংসা করে এনসিপি নেতা বলেন, "এ জেলার মানুষ কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও কোনো চাঁদাবাজদের কাছে মাথানত করবে না। আন্দোলনকারীদের মাঠ ছাড়লে চলবে না; সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই হবে।"
চলমান আন্দোলন নিয়ে তিনি জানান, "আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।"
সরকারের প্রতি তাঁর বার্তায় তিনি বলেন, "আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে; সেই দফা হলো সরকারের পদত্যাগ।"
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে রাজপথের আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা থেকে চট্টগ্রাম গন্তব্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চের কুমিল্লা থামকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন.