নারায়ণগঞ্জে নৌ পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মদ্যপ অবস্থায় অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ একটি কমিটিও গঠন করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, এএসআই আব্দুল মান্নান অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন। একপর্যায়ে তিনি মাটিতে বসে গান করেন, নাচেন এবং পরে বিলাপ শুরু করেন। আশপাশের লোকজন জড়ো হলে তাঁর আচরণের কারণ জানতে চাওয়া হয়। এ সময় আব্দুল মান্নান দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও তাকে বলতে শোনা যায়।
আব্দুল মান্নানের আচরণ নিয়ে প্রশ্ন উঠলে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান পারিবারিক কারণে মানসিক সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে।
ওসি রকিবুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, আব্দুল মান্নান সদর নৌ থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।