ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৬০) ওই গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে ইয়ামিন জিহাদ (১০) ও প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমানের (১০) মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া বাধে। এর জের ধরে দুপুর ১টার দিকে লুৎফর রহমান বাঁশের লাঠি নিয়ে জিহাদকে মারধরের জন্য তাড়া করেন। ছেলেকে রক্ষা করতে রবিউল ইসলাম পেছনে দৌড়ে যান। জলিল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে লুৎফর রহমানের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এই সময় লুৎফর রহমান বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে সজোরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

সজোরে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে রবিউল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যাদবপুর বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।