গতকাল মঙ্গলবার সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহক আবেদন করেন এবং তারা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের দাবি জানান। ব্যাংক সূত্র জানায়, আবেদন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ শুরু করার কথা রয়েছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রাহকদের তাদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের পর নিয়মমাফিক তাঁদের পাওনা অর্থ পরিশোধ করা হবে। একীভূত পাঁচটি ব্যাংকের শাখায় গতকাল থেকে গ্রাহকদের ভিড় দেখা দিয়েছে, যেখানে ব্যাংক কর্মকর্তারা তাদের স্বাগত জানাচ্ছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকটি পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে। এতে অন্তর্ভুক্ত হয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। হস্তান্তরকারী ব্যাংকের কাছে ওই গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না, তাঁরা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।