তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরতা কমিয়ে দেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃ অর্থায়ন স্কিমে’ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিটি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ‘রপ্তানি নীতি ২০২৪-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে দেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণ, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজার তৈরির উদ্দেশ্যে এই পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ প্রদান করা হবে। বিশেষ করে যারা দেশীয় কাঁচামাল ব্যবহার করে পণ্য রপ্তানি করবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন করবে। অন্যদিকে, যোগ্য রপ্তানিকারকেরা পূবালী ব্যাংক থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। এই ঋণের সর্বোচ্চ পরিশোধ মেয়াদ হবে তিন বছর।