ব্র্যাক ব্যাংক করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য ‘কর্পনেট’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা লেনদেন অনুমোদন, হিসাব মনিটরিং এবং জরুরি আর্থিক তথ্য দেখতে পারবেন।
ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটিতে একসঙ্গে একাধিক লেনদেন অনুমোদনের সুবিধা রয়েছে, যা অধিক লেনদেন পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গতিশীল করবে। পাশাপাশি গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য পাবেন। পুশ নোটিফিকেশন ও এমআইএস রিপোর্টের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে বিলম্বিত অনুমোদন মানে পেমেন্ট বা শিপমেন্টে বিলম্ব কিংবা বড় কোনো সুযোগ হাতছাড়া হওয়া। এটি ব্যবসায়ীদের জন্য আরও দ্রুত ও স্মার্ট ডিজিটাল ব্যাংকিং গড়ে তোলার আমাদের প্রতিশ্রুতিরই একটি অংশ।’