সাতক্ষীরা সদরের তালতলা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে বিলের পানিতে ভেসে উঠেছে এক গৃহবধূর মরদেহ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু লোড করার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে যান। সেখানেই বিলের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে তিনি তার মালিক ব্যবসায়ী আলমগীর হোসেনকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরা অবস্থায় নারীর লাশ ভাসতে দেখে আলমগীর হোসেন সদর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি অ্যান্ড্রয়েড ফোনও জব্দ করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটির পরিচয় নিশ্চিত করা গেছে। নিহতের নাম কোহিনুর বেগম (৩৪)। তিনি শহরতলীর খেদারডাঙা এলাকার মনসুর আলীর মেয়ে।
ওসি মো. মাহমুদুর রহমান আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।